প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে আবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেমিফাইনালে এই জয়ের ফলে তারা তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলো। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট হাতে শুরুটা খুব একটা ভালো না হলেও দলের বিপর্যয় সামাল দেন পাক অধিনায়ক ফাতিমা সানা।

তিনি ৩৬ বলে ৪৭ রানের একটি দুর্দান্ত ও লড়াকু ইনিংস উপহার দেন। তার এই ইনিংসে ছিল চারটি চার এবং দু’টি ছক্কার মার। এ ছাড়া শাওয়াল জ়ুলফিকর ২৪ এবং গুল ফিরোজ়া ২১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান ১৩০ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার পক্ষে আতাপাত্তু ও চামুদি প্রবোদা দু’টি করে এবং সুগন্ধিকা কুমারি একটি উইকেট পান। ১৩১ রানের লক্ষ্য নিয়ে তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকেও যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই ধাক্কা খায় তাদের টপ অর্ডার। তবে দলের কঠিন মুহূর্তে হাল ধরেন হর্ষিতা সমরবিক্রমা ও কাভিশা দিলহারি। হর্ষিতা ৩৬ এবং কাভিশা ৩৩ রানের অত্যন্ত মূল্যবান ইনিংস খেলেন। শেষ দিকে নীলাক্ষী ডি সিলভা ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

৮ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। পাকিস্তানের পরাজয় সত্ত্বেও বল হাতে ৪ উইকেট ও দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা হন ফাতিমা সানা। এই ফলাফলের মাধ্যমে ভক্তদের বহুল প্রতিক্ষীত ‘ভারত-পাকিস্তান’ ফাইনালের স্বপ্ন অধরাই থেকে গেল। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। ফলে রবিবারের মেগা ফাইনালে এবার হরমনপ্রীতদের মুখোমুখি হবে ছন্দে থাকা শ্রীলঙ্কা।
