Friday, September 18, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলআইএফএ ক্লাবগুলিকে বিশেষ ছাড়ের বড়ো ঘোষণা কল্যাণ চৌবের

আইএফএ ক্লাবগুলিকে বিশেষ ছাড়ের বড়ো ঘোষণা কল্যাণ চৌবের

ভারত-ব্রাজিল মহারণে ক্ষুব্ধ সমর্থকরা, মাঠে দর্শক টানতে ১৪ হাজার ডিসকাউন্ট টিকিট ও জেলায় ফ্যান পার্কের উদ্যোগ

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : বহু প্রতীক্ষিত ভারত বনাম ব্রাজিল মেগা ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হলেও, টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে ময়দানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রথম দফায় যখন টিকিট বিক্রি শুরু হয়েছিল, তখন তার দাম ছিল তুলনামূলক কম। তবে বিপত্তি ঘটে দ্বিতীয় দফায় অনলাইন অ্যাপে টিকিট বিক্রির সময়, কারণ টিকিটের মূল্য এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। টিকিটের এই অস্বাভাবিক চড়া দামের কারণে অ্যাপে টিকিট সুলভ থাকা সত্ত্বেও সাধারণ দর্শকরা কিনতে দ্বিধাবোধ করছেন, যার ফলে অনলাইনে একটা বড়ো অংশের টিকিট অবিক্রিত থেকে যাচ্ছে। টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধির মাঝেই ময়দানের ক্লাব ও খেলাপ্রেমীদের স্বস্তি দিতে বড়ো পদক্ষেপ গ্রহণ করেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন যে, আইএফএ পরিচালিত কলকাতার ক্লাবগুলির জন্য মোট ১৪ হাজার বিশেষ B2 গ্যালারির টিকিট বরাদ্দ করা হচ্ছে। তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন এই টিকিটগুলি বিনামূল্যে পাওয়া যাবে না, নির্দিষ্ট ছাড় বা ডিসকাউন্ট রেটে ক্লাবগুলিকে এগুলো কিনে নিতে হবে এবং যার সিংহভাগ অংশ বরাদ্দ থাকবে ময়দানের তিন প্রধানের জন্য। পুরো টিকিটিং ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং টিকিট নিয়ে যেকোনো ধরণের কালোবাজারি রুখতেই ডিজিটাল পদ্ধতিতে এই বিশেষ টিকিট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপশি, অতিরিক্ত দামের কারণে কিংবা টিকিটের অভাবে যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন না, তাঁদের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় জমকালো ফ্যান পার্ক তৈরির পরিকল্পনা করেছে আয়োজকরা। স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে ফুটবলের এই রাজকীয় আমেজ যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, তার জন্য সোনি লিভ (Sony LIV) অ্যাপ এবং সোনি টেন স্পোর্টস ৫ (Sony Ten Sports 5) চ্যানেলে ম্যাচটির সরাসরি সম্প্রচারের সমস্ত ব্যবস্থাও সুনিশ্চিত করা হয়েছে। অপরদিকে বেঙ্গালুরুতে ভারত বনাম পানামা ম্যাচের টিকিটেরও একই অবস্থা কেউ কিনতে চাইছে না। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular