প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের মুখোমুখি হওয়ার পরেই, আগামী ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। পানামা ও ব্রাজিলের পর দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই ম্যাচকে ঘিরে, কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র উন্মাদনা তৈরি হয়েছে।
এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি সোমবার বিকেল ৪টে থেকে অনলাইনে শুরু হয়ে গিয়েছে। সমর্থকেরা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্র করতে পারবেন, যেখানে ব্রাজিল ম্যাচের তুলনায় টিকিটের দাম কিছুটা কম রাখা হয়েছে। একজন ভক্ত একবারে সর্বোচ্চ ১০টি টিকিট কেনার সুযোগ পাবেন। মাঠের দূরত্ব, বসার জায়গা ও সুবিধার ওপর ভিত্তি করে টিকিটের দর নির্ধারণ করা হয়েছে; সর্বনিম্ন টিকিট ৭৪৯ টাকা এবং সর্বোচ্চ টিকিটের দাম ৯৯৯৯ টাকা, মাঝের অন্যান্য ক্যাটাগরিতে ৯৯৯, ১২৯৯, ১৩৯৯, ১৪৯৯, ১৬৯৯, ১৯৯৯, ২৪৯৯, ৪৯৯৯ ও ৭৪৯৯ টাকার টিকিট রাখা হয়েছে। উরুগুয়ে দল পরিচালনা করবেন তাদের নতুন কোচ দিয়েগো ফোরলান, কোচ হিসেবে কলকাতায় তাঁর প্রথম অ্যাসাইনমেন্টে তিনি গত বিশ্বকাপের ২১ জন তারকাকে দলে অন্তর্ভুক্ত করেছেন।
উরুগুয়ের স্কোয়াডে মূল আকর্ষণ রিয়াল মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। তাঁর সঙ্গে মাঝমাঠে থাকবেন রদ্রিগো বেন্তাঙ্কুর, লুকাস টোরেরা, জিয়োর্জিয়ান দে আরাসকায়েতা, ফাকুন্দো পেলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউখো ও ব্রায়ান রদ্রিগেজ। শক্তিশালী রক্ষণভাগে থাকছেন রোনাল্ড আরাউখো, হোসে মারিয়া জিমেনেজ, নাহিতান নান্দেজ, গিলেরমো ভারেলা, মাথিয়াস অলিভেরা এবং সেবাস্তিয়ান কাসেরেস।
গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন সান্তিয়াগো মেলে, ক্রিস্টোফার ফিয়েরমারিন ও ইগনাসিয়ো দে আরুয়াবায়েনা। এ ছাড়া আক্রমণভাগে ডারউইন নুনেজের পাশাপাশি দেখা যাবে মিগুয়েল মেরেন্তিয়েল, রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, মার্তিন সাত্রিয়ানো ও আলভারো রদ্রিগেজকে।
