ময়দান আপডেট: হাতে আর বেশি সময় নেই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই বছরের টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ৮ মার্চ। তাই এখন থেকেই আসন্ন টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে নিজেদের মতো করে পুরোদমে অনুশীলন সারছে সমস্ত দলগুলি। আর সেই লক্ষ্য সামনে রেখে ২০২৬ সালের বছরের প্রথম দিনেই নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। যে দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কিছু থাকলেও, দেখা যাচ্ছে দলে রয়েছে একগুচ্ছ তরুন ক্রিকেটার। বৃহস্পতিবার প্রধান নির্বাচক জর্জ বেইলি দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়া দলে বিশেষ চমক নেই। তবে চোটে থাকা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে। মিচেল মার্শের নেতৃত্বাধীন দলের বোলিং বিভাগ বড়ই অনভিজ্ঞ। প্যাট কামিন্সকে দলে রাখা হয়েছে বটে তবে তিনি চোট নিয়ে অনিশ্চিত। মিচেল স্টার্ক অবসর নিয়েছেন। সেক্ষেত্রে পেস বিভাগে হ্যাজেলউডই ভরসা। স্পিনারদের মধ্যে রয়েছেন জাম্পা। তবে বাকি বোলাররা সকলেই অনভিজ্ঞ। ব্যাটিং বিভাগে আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা শুধু অধিনায়ক মার্শ, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডের। জশ ইংলিশ ছাড়া দলে কোনও উইকেটরক্ষক নেই। উল্লেখযোগ্য বাদ পড়া নাম বলতে বেন ডোয়ারশুইস।

একনজরে দেখুন অস্ট্রেলিয়ার দল- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস এবং অ্যাডাম জাম্পা।

অন্যদিকে টি-২০ বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে আফগানিস্তানও। আগামী ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আফগানরা। এছাড়াও সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বে ম্যাচ খেলবে আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিতে চলেছেন রশিদ খান। বুধবার বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল আফগানিস্তান। সেই স্কোয়াডের নেতা করা হয়েছে রশিদকে। দলে আছেন ফজলহক ফারুখি, মুজিব-উর-রহমান, গুলবাদিন নইব, নভীন-উল-হকরা। বাংলাদেশের বিরুদ্ধে গত অক্টোবরে সাদা বলের সিরিজে আফগানিস্তান দলে জায়গা পাননি ফারুখি এবং নইব। কিন্তু তাঁদের দু’জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাকা হয়েছে।
নিউ ইয়ারের শুরুতে দেখে নিন ২০২৫ সালে ক্রিকেট জগতের কিছু সেরা খবর
