ময়দান আপডেট: গতবারের আইপিএলের রার্নাস দল শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস এবারও চমক দিচ্ছে। ধরে রেখেছে তাঁদের সাফল্য। এবারও যে তারা আইপিএল জয়ের অন্যতম দাবিদার তা প্রমাণ করে দিচ্ছে নিজের খেলায়। পর-পর দুই ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে পঞ্জাব। প্রথমে নিজেদের ঘরের মাঠে নিউ চন্ডিগড়ে শুভমান গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লাভ করে। আর শুক্রবার রাতে চেন্নাইয়ের ঘরের মাঠে চিপকে গিয়ে ৫ উইকেটে সহজেই চেন্নাইকে হারিয়ে দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে তারা। দলগত সাফল্যেই যে তারা বিশ্বাসী তাঁর প্রমাণ রেখেছে চেন্নাই ম্যাচে। একের পর এক ভালো পার্টনারশিপে ভর করে এদিন ম্যাচ জিতে নেয় পঞ্জাব। প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং থেকে শুরু করে কপার কনোলি ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের সকলেই ভালো ব্যাটিং উপহার দেন। ২৯ বলে হাফসেঞ্চুরি করে দলকে জয় এনে দেন অধিনায়ক আইয়ার। ফলে কিংস বনাম কিংসের লড়াইয়ে শেষ হাসি হাসে পঞ্জাব কিংস। দুই ম্যাচে জিতে নিজেদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে পঞ্জাবের। ফলে আগামী সোমবার ইডেনে নাইটদের বিরুদ্ধে খেলতে নামার আগে অনেক বেশি আত্মবিশ্বাসী পঞ্জাব। জয়ের হ্যাটট্রিক করাই প্রধান লক্ষ্য শ্রেয়সের।

অন্যদিকে গত মরসুমের ব্যর্থতা এবারও স্পষ্ট নাইট শিবিরে। সময়টা মোটেও ভালো যাচ্ছে না কেকেআরের। পর-পর দুই ম্যাচে হেরে চূড়ান্ত ব্যাকফুটে নাইট রাইডার্স। প্রথমে মুম্বইয়ের ঘরের মাঠে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হার। আর এরপর নিজেদের ঘরের মাঠে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানের বিরাট ব্যবধানে হেরে সমালোচনা মুখে কেকেআর। হতাশ সমর্থকরাও। দলের বোলিং বিভাগ সবথেকে বড় চিন্তার কারণ। তারমধ্যে অধিনায়ক রাহানে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই। ফিন অ্যালেন, অংকৃশ রঘুবংশি ও ক্যামরন গ্রিনের উপরেই অনেকটাই নির্ভরশীল হয়ে যাচ্ছে তাদের ব্যাটিং বিভাগ। আর বল হাতে ব্লেজিং মুজরাবানি ও বৈভব আরোরা উইকেট পেলেও, প্রচুর রান খরচ করছেন। যা সমস্যায় ফেলছে দলকে। বল হাতে ছন্দে নেই বরুন চক্রবর্তী, সুনীল নারিনরাও।

আর কেকেআর ও পঞ্জাব কিংসের মধ্যে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে দেখা যাচ্ছে একবার জিতেছে নাইটরা। তিনবার পঞ্জাব। একটি ম্যাচ বাতিল হয়। ফলে পরিসংখ্যান থেকে শক্তির বিচারে নাইট রাইডার্সের থেকে অনেকখানি এগিয়ে থেকেই সোমবার ইডেনে খেলতে নামবে দুই দল। ফলে ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে ম্যাচ হলেও, শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতা যে বেশ কঠিন তা এখন থেকেই বুঝতে পারছে নাইট ম্যানেজমেন্ট। এখন দেখার নিজেদের দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে সোমবার কিংসের বিরুদ্ধে কতটা সাফল্যে প্রত্যাবর্তন করতে পারে কলকাতা নাইট রাইডার্স!
দলগত সাফল্যে চিপকের মাটিতেও জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে পঞ্জাব কিংস
