ময়দান আপডেট: বিশ্বকাপের নকআউট পর্বে রাউন্ড অফ 32 এ সোমবার রাতে রোমহর্ষক ম্যাচ ব্রাজিল ও জাপানের মধ্যে। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে অনবদ্য দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিল ফুটবলে এশিয়ার অন্যতম সেরা দেশ জাপান। খেলার গোটা প্রথমার্ধ জুড়ে মন্থর গতির ফুটবল ব্রাজিলের, আর সেই সুযোগে দুর্দান্ত গোল উপহার দিয়ে এগিয়ে ছিল জাপান। ২৯ মিনিটে কাইসু সানোর গোলে এগিয়ে গিয়েছিল এশিয়ার এই দল। ফলে অনেকেই ভাবছিলেন বিশ্বকাপে বড়সড় কোন অঘটন ঘটিয়ে দেবে না তো জাপান? তবে খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি অনেকগুণ বাড়ায় সাম্বা বাহিনী। মুহুমুহু আক্রমণে যেতে থাকে ইয়েলো আর্মিরা। আর ক্রমাগত ব্রাজিলের আক্রমণ প্রতিরোধ করতে থাকে গোটা জাপানের দলের ফুটবলাররা মিলে। আর এদিন নজর কাড়লেন জাপানের গোলরক্ষক। একাধিক ব্রাজিলের গোলের সুযোগ রুখে দেন তিনি। তবে এদিন গোটা ম্যাচেই মাঠে নামানো হলো না ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রকে।

খেলার দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ঘন ঘন আক্রমণ মরিয়া প্রয়াস করে জাপানের ফুটবলাররা আটকানোর চেষ্টা করলেও, ব্রাজিলের হয়ে ৫৬ মিনিটে হেডে একটি দুর্দান্ত গোল করেন ক্যাসিমিরো। ফলে খেলায় সমতায় ফেরে ব্রাজিল। এদিন ক্যাসিমিরো ব্রাজিলকে সমতায় ফেরালেও, কিন্তু ৩৪ বছরের এই মিডফিল্ডারের মধ্যে আগের তেজ যে আর নেই, এটা খেলা দেখে বোঝা গিয়েছে। কারণ এদিন একাধিক গোলের সুযোগ নষ্ট করেন তিনি। তবে গোল করে ব্রাজিল সমতায় ফেরার পর, আবার তাদের মধ্যে কিছুটা মন্থর গতি ফুটবল দেখা যায়। তাদের মধ্যে সেই আগ্রাসী মনোভাব আর দেখা যাচ্ছিল না, ফলে জাপানকে সেই সুযোগে অনেকটাই আকর্ষণীয় দেখাচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচ হয়তো অতিরিক্ত সময়ে গড়াতে পারে। তবে ৯৬ মিনিটে এশিয়ার দেশ জাপানের স্বপ্নভঙ্গ করে, খেলার শেষ মিনিটে জয়সূচক গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন গ্যাব্ররিয়েল মার্টিনেল। ডান দিকে দানিলো বল পেয়ে পাস দিয়েছিলেন এনদ্রিককে। তিনি পাস দেন ব্রুনো গিমারায়েসকে।গিমারায়েসের নিখুঁত পাস যায় মার্টিনেল এর কাছে। তিনি বল জালে রাখতে ভুল করেননি। আর এই গোলের ফলে এক গোলে পিছিয়ে থেকেও, ২-১ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপের রাউন্ড অফ 16 এ পৌঁছে গেল ব্রাজিল। তবে এই দিন ব্রাজিল ম্যাচ জিতলেও তাদের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে একদমই সাদামাটা ফুটবল হতাশ করেছে সমর্থকদের। কারণ এইরকম ফুটবল প্রদর্শন করলে পরবর্তী রাউন্ডগুলোতে আরও সমস্যায় পড়বে ব্রাজিল।

অপরদিকে বিশ্বকাপ থেকে জাপান ছিটকে গেলেও, তারা শক্তির বিচারে এবং ফিফার Ranking এর বিচারে বিশ্বের অন্যান্য দেশের থেকে ফুটবলে অনেকগুণ পিছিয়ে থেকেও, নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করে যেভাবে নকআউটের মতো ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে একটা অসাধারণ ফুটবল উপহার দিল তা মনে রাখবে গোটা ফুটবল বিশ্ব। উল্লেখ্য এর আগে ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে এ ভাবেই শেষ মুহূর্তে গোল খেয়ে তারা বিদায় নিয়েছিল। আর এদিনও গোটা ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে স্বপ্নভঙ্গ হল এশিয়ার ফুটবলের প্রতিভাবান দেশ জাপানের ফুটবলারদের।
