Thursday, July 16, 2026
Homeফুটবলবিশ্ব ফুটবলের মহাযুদ্ধচোখের জলে বিদায় সিআর সেভেন! মেরিনোর গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোখের জলে বিদায় সিআর সেভেন! মেরিনোর গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন

৪-১ গোলে বিশ্বকাপের আয়োজক আমেরিকাকে হারিয়ে জয়ী বেলজিয়াম। ফলে কানাডা, মেক্সিকোর পর বিশ্বকাপের প্রধান আয়োজক আমেরিকারও সফর শেষ হল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। 

ময়দান আপডেট: বিশ্বকাপের মঞ্চ থেকে একে একে মহাতারকাদের বিদায়। নেইমার জুনিয়রের পর এবার পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুই অন্যতম সেরা দেশ ব্রাজিল ও পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন নেইমার জুনিয়র। তবে বিশ্বকাপকে বিদায় জানালেও, আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই বিদায় নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি সিআর সেভেন। সোমবার রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্পেনের কাছে হেরে কান্নায় ভেঙে পড়েন রোনাল্ডো। চোখে জল নিয়েই তিনি জানান আপাতত কিছুদিন ফুটবল থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাবো, তারপর সিদ্ধান্ত নেব অবসরের বিষয়ে। তবে আর কোনও দিন ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না পর্তুগীজ ফুটবলের সুপারস্টার সিআর সেভেনকে। সোমবার পেরিয়ে ঘড়ির কাঁটায় তখন ভারতীয় সময় মঙ্গলবার রাত তিনটে, মাঠের মধ্যে আবেগ এবং কোনও দিন বিশ্বকাপ জিততে না পারার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ছেন রোনাল্ডো। সিআর সেভেনের চোখে জল দেখে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি রোনাল্ডো সমর্থকরা তখন টিভি কিংবা মোবাইলের পর্দায় চোখ রেখে, কান্নায় ভেঙে পড়েছেন! আর হবে নাই বা কেন! তিনি তো বিশ্বের কোটি কোটি উঠতি  ফুটবলারদের কাছে ছিলেন ফুটবলার হয়ে ওঠার অনুপ্রেরণা। স্বপ্ন দেখার অন্যতম নায়ক। তার বিদায় এইভাবে কী মেনে নেওয়া যায়? এক কথায় বলা যেতে পারে রোনাল্ডো, নেইমারদের বিদায় বিশ্ব ফুটবলে এক অধ্যায়ের অবসান। এখন একমাত্র স্বপ্ন দেখাচ্ছেন লিওনেল মেসি। মেসি, এমবাপ্পে ও হালান্ডদের মতো তারকাদের মধ্যে কাদের হাতে বিশ্বকাপ ট্রফিটা এই বছর ওঠে এখন সেটাই দেখার! নাকি চমক দিয়ে কোন নতুন শক্তির আবির্ভাব ঘটে সেই দিকে তাকিয়ে বিশ্ব ফুটবলমহল। 

তবে সোমবার মধ্যরাতে বিশ্বকাপে দুই অপ্রতিরোধ্য শক্তিশালী দল মুখোমুখি হয়েছিল। একদিকে স্প্যানিশ আর্মাডার তিকিতাকা ফুটবল, অন্যদিকে রোনাল্ডোর পর্তুগালের অভিজ্ঞ দল। তবে এই দিন অতিরিক্ত রোনাল্ডো নির্ভরতায় পর্তুগালের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়াল। এই দিন ম্যাচের গোটা প্রথমার্ধ জুড়ে একচেটিয়া রাজ করল স্পেন। সেভাবে আক্রমণের সুযোগ তৈরি করতেই পারেনি। পর্তুগাল। তবে স্পেনের একাধিক গোলের সুযোগ দুর্দান্তভাবে রুখে দেন পর্তুগালের গোলরক্ষক। আর ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেকটাই আগ্রাসী মনোভাব দেখা যায় পর্তুগালের মধ্যে। দ্বিতীয়ার্ধে বরং স্পেনকে কিছুটা ছন্নছাড়া দেখাচ্ছিল। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ তখন প্রায় শেষ হতে চলেছে। কিন্তু খেলার ৯০ মিনিট অতিক্রান্ত হয়ে সংযুক্তির সময়ের প্রথম মিনিটেই, রোনাল্ডোর পর্তুগালের স্বপ্নভঙ্গ করে স্পেনের হয়ে গোল উপহার দিলেন পরিবর্তিত হিসাবে মাঠে নামা মিকেল মেরিনো। আর খেলার শেষের দিকে তাঁর এই গোল স্পেনের জয় নিশ্চিত করে দেয়। এরপর প্রচেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পর্তুগাল। ১-০ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল স্প্যানিশরা। আর এই জয়ের পর একদিকে স্পেনের সমর্থকদের উল্লাসে যখন ফেটে পড়ছে স্টেডিয়াম, তখন অন্যদিকে নিরবে চোখের জল মুছতে মুছতে শেষবারের জন্য বিশ্বকাপ থেকে সমর্থকদের ভালবাসাকে কুর্নিশ জানিয়ে বিদায় নিচ্ছেন সিআর সেভেন। এমনকি মাঠের মধ্যেই দেখা গেল রোনাল্ডোকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন স্পেনের ফুটবলার লামিন ইয়ামাল। তার কারণ তরুণ প্রজন্মের কাছে প্রতিপক্ষ হলে কী হবে! তিনি তো আইকন। 

আর অন্যদিকে মঙ্গলবার ভোরে বিশ্বকাপের অপর ম্যাচে ৪-১ গোলে বিশ্বকাপের আয়োজক আমেরিকাকে হারিয়ে জয়ী বেলজিয়াম। ফলে কানাডা, মেক্সিকোর পর বিশ্বকাপের প্রধান আয়োজক আমেরিকারও সফর শেষ হল।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular