প্রিয়াংশু মণ্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট: বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে আজ মধ্যরাতে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী ফুটবল শক্তি স্পেন এবং বেলজিয়াম। সেমিফাইনালের টিকিট কাটার এই ব্লকবাস্টার ম্যাচে ইতিহাস ও বর্তমান ফর্মের এক অনন্য লড়াই প্রত্যক্ষ করতে চলেছে ফুটবল বিশ্ব। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই বেলজিয়ামের কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। দীর্ঘ চার দশক পর বিশ্বমঞ্চের ঠিক একই স্তরে এসে আবারও মুখোমুখি দুই দল, যা লা রোহা তথা স্পেনের জন্য যেমন প্রতিশোধের মঞ্চ, রেড ডেভিলস তথা বেলজিয়ামের জন্য তেমনই ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ।

এবারের বিশ্বকাপে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে রাউন্ড অফ ৩২-এ অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে ওড়ানো এবং শেষ ষোলোর কঠিন ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে তারা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত স্পেন কোনও গোল হজম করেনি! গোলরক্ষক উনাই সিমোন টুর্নামেন্টে ক্লিন শিটের এক নতুন রেকর্ড গড়েছেন। তবে স্প্যানিশ শিবিরের বড়ো ধাক্কা হল চোটের কারণে উইঙ্গার নিকো উইলিয়ামস এবং ইয়েরেমি পিনো এই ম্যাচে খেলতে পারবেন না।অপরদিকে, এবারের বিশ্বকাপে বেলজিয়ামের পথচলাটা ছিল বেশ নাটকীয়। নকআউট পর্বের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলের দুর্দান্ত জয়ে টিকে থাকার পর, রাউন্ড অফ ১৬-এর ম্যাচে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে। কোচ রুডি গার্সিয়ার অধীনে বেলজিয়াম দল এখন ফর্মের তুঙ্গে রয়েছে। তবে মাঝমাঠের শক্তিশালী স্তম্ভ আমাদু ওনানা এসিএল ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় বেলজিয়াম শিবিরে বড়ো ধাক্কা লেগেছে।

তিকিতাকার আধুনিক সংস্করণে মাঝমাঠের ইঞ্জিন হিসেবে থাকবেন রদ্রি। তাঁর সাথে মাঝমাঠে সৃজনশীলতার জোগান দেবেন পেদ্রি ও দানি ওলমো। আর আক্রমণভাগে পুরো ফুটবল বিশ্বের স্পটলাইটে থাকবেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল, যাঁর গতি ও ড্রিবলিং বেলজিয়ামের ডিফেন্স ভাঙার প্রধান অস্ত্র হতে পারে। এবং কেভিন ডি ব্রুইনে এবং জেরেমি ডোকুর মতো তারকাদের পাশাপাশি কার্লস ডি কেটেলারে ও রোমেলু লুকাকু বর্তমানে দারুণ ফর্মে আছেন। তবে বেলজিয়ামের বর্তমান তুরুপের তাস হয়ে উঠেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং ইউরি তিলেমানস। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার গোল করা বেলজিয়াম দল এই ম্যাচেও কাউন্টার-অ্যাটাকিং ফুটবলের ওপর ভরসা রাখবে।
এখন পর্যন্ত একটি গোলও না খাওয়া স্পেনের রক্ষণভাগের সামনে বেলজিয়ামের ফর্ম-এ থাকা আক্রমণভাগকে আটকে রাখার এক কঠিন অগ্নিপরীক্ষা। ডাগআউটের ট্যাকটিকাল লড়াই আর মাঠের স্নায়ুযুদ্ধে যে দল ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট বুক করবে।
