Friday, September 4, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলআইএফএ শিল্ড আয়োজনের মাঝেই শর্ত দিয়ে বসলেন দেবাশীষ দত্ত

আইএফএ শিল্ড আয়োজনের মাঝেই শর্ত দিয়ে বসলেন দেবাশীষ দত্ত

২০২৫ সালের স্মরণীয় ফাইনাল থেকে আসন্ন আসরে মোহনবাগানের আল্টিমেটাম এবং প্রস্তুতি শুরু বঙ্গ ফুটবল সংস্থার

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : ২০২১ সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৫ সালে পুনরায় ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেই টুর্নামেন্টের ‘গ্রুপ এ’-তে লড়াই করেছিল ইস্টবেঙ্গল, শ্রীনিধি ডেকান ও নামধারী এফসি। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলের বড়ো ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করে। এরপর নামধারী এফসি ৩-০ গোলে হারায় শ্রীনিধি ডেকানকে। গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ গোলে নামধারীকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে। অপরদিকে ‘গ্রুপ বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মোহনবাগান, গোকুলাম কেরালা ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। মোহনবাগান তাদের প্রথম ম্যাচে গোকুলাম কেরালাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে অভিযান শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ১-০ গোলে হারিয়ে দেয় গোকুলাম কেরালাকে। এরপর গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগান ২-০ গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করে ফাইনালে নাম লেখায়।

মেগা ফাইনালে দুটি দলের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ অসাধারণ দক্ষতায় জয় গুপ্তার পেনাল্টি শট আটকে দেন এবং ৫-৪ ব্যবধানে জয়ী হয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বর্তমানে কলকাতা ফুটবল লিগ শেষের মুখে এসে পৌঁছানোয় বঙ্গ ফুটবল সংস্থা (আইএফএ) নতুন মরশুমের আইএফএ শিল্ড আয়োজনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে। এবারের মরশুমে টুর্নামেন্টের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই আসরের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান এবং গতবারের রানার্স-আপ ইস্টবেঙ্গলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

একই সাথে এবার বাকি চারটি দলের পরিবর্তে নতুন করে আমন্ত্রণ পেয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, মহামেডান এসসি ও এসসি দিল্লি, যদিও ষষ্ঠ দল হিসেবে কারা অংশ নেবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আয়োজনের মাঝেই সময়সূচি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মোহনবাগান সভাপতি দেবাশীষ দত্ত। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, খেলা যদি নির্ধারিত ৬ অক্টোবরের মধ্যে সম্পন্ন করা যায় তবেই মোহনবাগান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, অন্যথায় তারা মাঠে নামবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular