Saturday, September 19, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলকোল ইন্ডিয়াকে উড়িয়ে দিয়ে সুপার সিক্সের অভিযান শুরু করলো মোহনবাগান

কোল ইন্ডিয়াকে উড়িয়ে দিয়ে সুপার সিক্সের অভিযান শুরু করলো মোহনবাগান

সিনিয়র দল নিয়ে ডার্বিতে ড্র করার পর সুপার সিক্সের প্রথম ম্যাচেই কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের অভিযান শুরু করলো বাস্তব রায়ের ছেলেরা।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : ডার্বিতে সিনিয়র দল নিয়েও ড্র করার ধাক্কা ভুলে আবার চিরচেনা ছন্দে ফিরলো মোহনবাগান। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের বাঁশি বাজার পর থেকেই অল আউট অ্যাটাকে নামে মোহনবাগান। শুরুর দশ মিনিটের মধ্যে মনবীর সিং ও লিস্টন কোলাসো বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া না করলে শুরুতেই এগিয়ে যেতে পারতো বাস্তব রায়ের ছেলেরা। কোল ইন্ডিয়াও ১০ মিনিটের মাথায় সায়ন রায়ের শটে পাল্টা আক্রমণের আভাস দিয়েছিল, তবে তা সামলে নেন দীপ্রভাত। এরপর ২০ মিনিটের মাথায় ম্যাচের ডেডলক ভাঙেন মনবীর। সাহাল আব্দুল সামাদের বাড়ানো ডিফেন্স চেরা পাস থেকে গোলকিপারকে ড্রিবল করে বল জালে জড়ান তিনি।

হঠাৎই লিস্টনকে তুলে নামানো হয় অভি মিতেইকে, তিনি আসার পরেই একের পর এক আক্রমণে যেতে থাকে। তারপর আসে সেই ১০ মিনিটের মহাপ্রলয়, একের পর এক গোল দিতে থাকে মোহনবাগান। ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সাহালের একক দক্ষতায়, তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে এক অসাধারণ শটে স্কোরবোর্ড ২-০ করেন তিনি। ৩৬ মিনিটে কিয়ান নাসিরির চমৎকার পাসে নজরকাড়া সাইড ভলিতে গোল পান সন্দীপ মালিক। এর ঠিক এক মিনিট পরেই কিয়ানের পা থেকে আসে দলের চতুর্থ গোল। প্রথমার্ধের ৪২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি পেনাল্টি থেকে তুলে নেন মনবীর। দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের আক্রমণের ঝাঁজ বজায় থাকলেও ফিনিশিংয়ের অভাবে গোলের সংখ্যা আর বাড়েনি। ৪৭ মিনিটে মনবীর এবং ৫৮ ও ৭৩ মিনিটে সায়ন বেশ কিছু সুবর্ণ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে, ৭৪ মিনিটে বক্সের ভেতরে সন্দীপের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় কোল ইন্ডিয়া। স্পটকিক থেকে কোল ইন্ডিয়ার হয়ে ব্যবধান কমান ইরফান। প্রথমার্ধেই পাঁচ গোলে এগিয়ে গিয়ে সহজ জয় সুনিশ্চিত করলেও, লিগের গোল পার্থক্যের সমীকরণে দ্বিতীয় অর্ধের অগুনতি সুযোগ হাতছাড়া হওয়া কিছুটা চিন্তায় রাখবে সবুজ মেরুন শিবিরকে। মোহনবাগানের পরবর্তী ম্যাচ আগামী ১৪ই সেপ্টেম্বর মোহনবাগান মাঠে ইউনাইটেড স্পোর্টসর বিপক্ষে হতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular