প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরেই সাম্বা ঝড়ে কাঁপতে প্রস্তুত শহর কলকাতা। কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক দুটি ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। আগামী ৩ অক্টোবর যুবভারতীতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এর পাশাপাশি ঠিক তার তিনদিন পরেই ৬ অক্টোবর দক্ষিণ আমেরিকার আর একদল উরুগুয়ের সঙ্গে খেলতে চলেছে ভারত। ইতিমধ্যে প্রায় এক সপ্তাহ আগে কলকাতায় এসে হাজির হয়েছে উরুগুয়ে দল।
অপরদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে গেল ব্রাজিল দল। এরই মাঝে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, এই ম্যাচগুলিতে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে বিশেষ ভূমিকা পালন করবেন দুই কিংবদন্তি। তাঁরা হলেন ভারতীয় ফুটবলের পরিচিত মুখ আই.এম.বিজয়ন এবং জোসে ব্যারেটো। ভারতীয় ফুটবলের অন্যতম সম্মানিত নাম হলো আই.এম.বিজয়ন, কেরালার এই প্রাক্তন ফুটবলার দেশের জার্সিতে সম্মান অর্জন করেছেন। অপরদিকে ব্রাজিলিয়ান ফুটবলার হলেও কলকাতার ফুটবলপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছেন জোসে র্যামিরেজ ব্যারেটো। তিনি ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ফুটবলার।
ভারতীয় ব্রিগেডের অদম্য লড়াই, বিদেশি নির্ভর মোহনবাগানকে আটকে দিল নর্থ-ইস্ট
জানা গিয়েছে এই দুইজন কিক অফের আগে অফিশিয়াল ম্যাচ বল মাঠে আনবেন। এই দুই প্রাক্তন ফুটবলারের উপস্থিতি ভারতীয় ফুটবলের বিভিন্ন প্রজন্মকে এক করবে। তাঁদের এই অংশগ্রহণ খেলাধুলার ঐক্য ও সৌহার্দ্যের বার্তা ছড়াবে। কলকাতার দুর্গাপুজোর উৎসবের ঠিক প্রাক্কালে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে।
শিল্ডের ফাইনালে ডার্বি করাতে মরিয়া আইএফএ! জয়ের লক্ষ্যে দুই প্রধানই
তাঁদের বর্ণময় ক্যারিয়ার ও অবদান এই ফিফা প্রীতি ম্যাচগুলির মর্যাদা বাড়িয়ে তুলেছে। ম্যাচ বল উপস্থাপনের এই অনুষ্ঠানটি ৯০ মিনিটের লড়াই ছাপিয়ে এক অনন্য নজির গড়বে। সব মিলিয়ে এই ঐতিহাসিক ম্যাচটি বাংলার সংস্কৃতিতে এক অবিস্মরণীয় অধ্যায় যোগ করবে। উল্টোদিকে যুবভারতী ক্রীড়াঙ্গন সেজে উঠেছে নতুন রূপে লাগানো হয়েছে সিট নম্বর, পিচে নতুন ঘাস এছাড়াও অনেক কিছুই পরিবর্তন হয়েছে।
