ময়দান আপডেট: ২২ গজে মহিলাদের এশিয়া কাপে দাপট অব্যাহত ভারতের মেয়েদের। আজ এশিয়া কাপের হাইভোল্টেজ মহারণে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বে তাইল্যান্ড ও হংকংকে হারিয়ে শেষ চারের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। প্রথম ম্যাচে তাইল্যান্ডের বিরুদ্ধে ৯৪ রানে জয় লাভ করে হরমনপ্রীত কৌররা। প্রথম ব্যাট করে ভারত তুলেছিল ৯ উইকেটে ১৫৯ রান। ওই ম্যাচে ৩৬ বলে ৬৪ রান করেন শেফালি বর্মা। আর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায় তাইল্যান্ড। ভারতের হয়ে তিনটি করে উইকেটে নিয়েছিলেন নন্দানী শর্মা ও দীপ্তি শর্মা। আর দ্বিতীয় ম্যাচে ৩ তারিখ হংকংকে ১৩৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে জয় লাভ করে সেমিফাইনালে কার্যত জায়গা করে নেয় ভারতীয় মহিলা দল। ওই ম্যাচে ভারত করে ৫ উইকেটে ১৯৩ রান। ৬৪ বলে ১২৪ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। আর ব্যাট করতে গিয়ে হংকং মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায়। এদিনও ভারতের হয়ে ৩ উইকেট নেন দীপ্তি শর্মা। অন্যদিকে গ্রুপ পর্বে পাকিস্তান তারা নিজেদের প্রথম ম্যাচে তাইল্যান্ডকে হারায় ৩৫ রানে। এবার আজ শনিবার গ্রুপ পর্বে সম্মুখ সমরে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে ভারত চাইবে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলতে নামতে।

ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী শোনাল ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মার গলা। সাফ জানালেন, পাকিস্তানের থেকে তাঁরা সব সময়েই এক ধাপ এগিয়ে। পুরুষ ক্রিকেট দলের ম্যাচ হোক কিংবা মহিলা ক্রিকেট দলের ম্যাচ, তবে শক্তির বিচারে পাকিস্তানের থেকে ভারত যে অনেকটাই এগিয়ে তা বলা যেতেই পারে। শক্তির বিচারে ভারত ফেভারিট হলেও, ভারত-পাক ম্যাচ মানে সর্বদাই একটা উন্মাদনা জারি থাকবে সমর্থকদের মধ্যে। পাশাপাশি পাকিস্তানকে একদম হালকা ভাবে নিতেও নারাজ ভারতীয় ম্যানেজমেন্ট। তবে বিপক্ষের দিকে বেশি নজর দিতে চান না দীপ্তি। তাঁর ভাবনা নিজের দলকে নিয়েই। বলেন, “আমাদের দলও ভাল। ওদের বোলারেরাও ভাল। তাই আমরা নিজেদের শক্তির দিকে বেশি নজর দিতে চাই। ভাল মানের ক্রিকেট উপহার দিতে চাই।” সবমিলিয়ে এখন দেখার ভারত-পাকিস্তান ক্রিকেটের ২২ গজে এই মহারণে শেষ পর্যন্ত পাক বাহিনীর লড়াই থামিয়ে কতটা সাফল্য দেখাতে পারে ভারতের মেয়েরা!
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবে ইস্টবেঙ্গল
