প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : কলকাতার ঐতিহ্যবাহী কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আগামী ৮ ও ১১ অক্টোবর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের ফুটবল পরাশক্তি রাশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় মহিলা ফুটবল দল। যা তিলোত্তমার ক্রীড়া ইতিহাসে এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করতে চলেছে।
২০২৬ সালের জুনে রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এটিই হতে যাচ্ছে ‘ব্লু টাইগ্রেস’দের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৯তম স্থানে থাকা ভারতের সামনে ২৭তম স্থানে থাকা শক্তিশালী রাশিয়াকে মোকাবিলা করা নিঃসন্দেহে একটি বিরাট পরীক্ষা, যা তাদের প্রকৃত সক্ষমতা যাচাই করতে সাহায্য করবে।
৭০ ও ৯ বছর বয়সসীমা নিয়ে সিএবির এজিএম উত্তাল! মিলল না সমাধান সূত্র
রায়ানের গোলে কান্তিরাভায় বিশ্বকাপের দল পানামাকে আটকে দিল ব্লু টাইগার্স
উল্লেখ্য, ২০১৬ সালে শিলিগুড়িতে সাফ কাপ জেতার পর এই প্রথম ভারতের নারী ফুটবলাররা পশ্চিমবঙ্গের মাটিতে খেলতে নামছেন। অন্যদিকে ১৯৯৪ সালের জয়ললিতা কাপের পর দীর্ঘ সময় পেরিয়ে রাশিয়ার নারী দল পুনরায় ভারতের মাটিতে পা রাখছে। পূর্বে নিরপেক্ষ ভেন্যুতে দু’বার মুখোমুখি হয়ে দু’টিতেই হারতে হলেও, অতীত পরিসংখ্যানের চাপ কাটিয়ে নতুন দিনের বার্তা দিচ্ছেন দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী। গত ১৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হওয়া নিবিড় প্রশিক্ষণ শিবিরে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল গোছানোর কাজ চলছে, যেখানে ফলাফলের পাশাপাশি নতুনদের বিশ্বমানের ফুটবলের সংস্পর্শে আনা এবং একটি ভবিষ্যৎমুখী শক্তিশালী স্কোয়াড তৈরি করাই মূল লক্ষ্য। তিলোত্তমার ফুটবলাবেগ এবং গ্যালারির অকুণ্ঠ সমর্থনের ওপর ভর করে ঘরের মাঠে রাশিয়ানদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এক ঐতিহাসিক সাফল্য অর্জনে দারুণভাবে আশাবাদী ভারতীয় শিবির।
